বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড মঞ্চে থাকবেন বাংলাদেশী সুপার স্টার শাকিব খান

সোমা ঘোষ মনিকা
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

ঢালিউড সুপার স্টার শাকিব খান, (ছবি সংগৃহীত)। 

নিউইয়র্কে ১০ অক্টোবর ঢালিউড অ্যাওয়ার্ড মঞ্চে থাকবেন বাংলাদেশী সুপার স্টার শাকিব খান।

নিউইয়র্কে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, টেলিভিশন, সংগীত ও ফ্যাশন অঙ্গনের জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে এবারের আয়োজনে থাকছে সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা পর্ব।
‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র আয়োজনে লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের আসর। প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জন্য এই আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠার পর থেকে ঢালিউড অ্যাওয়ার্ডের অন্যতম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন আলমগীর খান আলম। বর্তমানে তিনি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর অনুপস্থিতিতে এবারের আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছেন ‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন। তাঁকে সহযোগিতা করছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণি।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উদ্বোধনী সংগীত। বাংলাদেশের শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালী এই সংগীতটি রচনা করেছেন। আয়োজক খায়রুল ইসলাম খোকন জানান, উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের আবহ তৈরি করা হবে।
এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের প্রধান আকর্ষণ অভিনেতা শাকিব খান। প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন তিনি। ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে সর্বশেষ উপস্থিত ছিলেন শাকিব খান। এবার তিনি নিজে সম্মাননা গ্রহণের পাশাপাশি অন্য শিল্পীদের সম্মাননা প্রদান এবং বিশেষ পরিবেশনায় অংশ নেবেন।
শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে চঞ্চল চৌধুরী, অমিত হাসান, ইমন, নিরব হোসাইন, স্পর্শিয়া, তমা মির্জা, মিথিলা, জোভান, দীঘি, মাহি, শিরীন শিলা, জলি, মিষ্টি জান্নাত ও নিবিড়সহ আরও কয়েকজন শিল্পীর।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন এস আই টুটুল, লুইপা ও রিজিয়া পারভীন। এর আগেও ঢালিউড অ্যাওয়ার্ডের মঞ্চে গান পরিবেশন করেছেন রিজিয়া পারভীন। এবারও বিশেষ সংগীত পরিবেশনা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের বিনোদন অঙ্গনে অবদান রাখা কয়েকজন শিল্পী ও কলাকুশলীকে এবারের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে। তবে সম্মাননা প্রাপকদের নাম এখনো প্রকাশ করা হয়নি। অনুষ্ঠানের দিন তাঁদের নাম ঘোষণা করা হবে।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ইভেন্টব্রাইটের মাধ্যমে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজকদের দাবি, টিকিট বিক্রি শুরুর পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।
প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র, গান ও সংস্কৃতির সঙ্গে এক সন্ধ্যা কাটানোর সুযোগ তৈরি করছে এবারের ঢালিউড অ্যাওয়ার্ড। আয়োজনটি ঘিরে নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। আগামী ১০ অক্টোবর ইভাঞ্জেল চার্চ সেন্টারে বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে বসবে এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের আসর।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com