ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে গৌরীপুরে।
ময়মনসিংহের গৌরীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, গলিত ১৫ গ্রাম ইয়াবা ও নগদ ২,৮৮০ টাকা উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল ২৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৯টা ৩০ মিনিটে গৌরীপুর থানাধীন বালিঝুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) এবং মাদক বিক্রির নগদ ২,৮৮০ টাকাসহ মোঃ শাকিল (২২) ও মোঃ শাজাহান মিয়া (৪৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা গৌরীপুর উপজেলার মোনাটি (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।
অপরদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় ২৫ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে গৌরীপুর থানার সরিষাহাটি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং গলিত অবস্থায় ১৫ গ্রাম ইয়াবা (মোট আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার টাকা) উদ্ধারসহ মোঃ আলমগীর (২৫) ও মোছাঃ শাবানা ওরফে নিপা (২৪)-কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্র পরিচালিত হচ্ছিল। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকার ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে গৌরীপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে, পরে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয় ।
ডিবি পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন, একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও জোরদার হয়েছে, এরকম অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply