তাহরিমা জান্নাত সুরভি সংগৃহীত ছবি।
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন–সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে এসেছে, এই চক্রটির নেতৃত্বে ছিলেন সোস্যাল মিডিয়ায় ভাইরাল পরিচিতি পাওয়া তাহরিমা জান্নাত সুরভী।
প্রাথমিক তদন্তে আরও জানা যায়, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। গত বছর জুলাই – আগস্টের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময় সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।
অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখিয়ে এবং পরে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়।
পুলিশ আরও জানায়, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply