ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারের প্রাণকেন্দ্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।
গতকাল রাত আনুঃ ২.০০ টার দিকে চুরি হয়। এ ঘটনায় নগদ টাকা, ভোটার আইডি কার্ড, এটিএম কার্ড, ছবি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে ভুক্তভোগী ফয়জুর রহমান আকন্দ জানায়।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজন এক ব্যক্তির চেহারা ধরা পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ফয়জুর রহমান আকন্দ।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, চোর প্রথমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাড়াটিয়ার চালের দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পাশের জুতার দোকানের ড্রয়ার থেকে নগদ টাকা চুরি করে ও পরে সে মূল দোকানে ঢুকে সিসিটিভি ক্যামেরাগুলোর দিক পরিবর্তন করে দেয়, যাতে তার গতিবিধি ক্যামেরায় ধরা না পড়ে।
এরপর চোর দোকানের ড্রয়ার ভেঙে নগদ টাকা নিয়ে যায়। একই সঙ্গে ব্যবসায়ীর মানিব্যাগে থাকা ভোটার আইডি কার্ড, এটিএম কার্ড, ছবি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। চুরি শেষে দুর্বৃত্তটি টিনের চাল কেটে বের হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কারণ, ব্যবসায়িক প্রতিষ্ঠানটি গোয়াতলা বাজারের একেবারে মাঝখানে এবং এর পেছনেই ভুক্তভোগীর বাসা। বাজারের মতো জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে চোরের অসাবধানতার কারণে একটি সিসিটিভি ক্যামেরায় তার মুখ স্পষ্টভাবে ধরা পড়েছে। ভুক্তভোগী ফয়জুর ওই ব্যক্তির ছবি দেখে তাকে শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন। কেউ ছবির ব্যক্তিকে চিনতে পারলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে তা দ্রুত সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ করা হয়েছে। একটি তথ্যই চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগী এ সময় পাশে দাঁড়ানো, খোঁজখবর নেওয়া ও সহযোগিতা করা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিশেষভাবে চেয়ারম্যান, মেম্বার ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ভুক্তভোগী। দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি আল্লাহর কাছে সবার নিরাপত্তা ও হেফাজতের জন্য দোয়া করেছেন।
Leave a Reply