উত্তরায় গ্রেপ্তারকৃত এএসআই শফিকুল ইসলাম
রাজধানীর উত্তরা এলাকা থেকে ৫ হাজার ৩১০টি ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার এএসআইয়ের নাম মো. শফিকুল ইসলাম (৪৩)। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ওয়াসিম (২৪)। দক্ষিণখান থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সঙ্গে একটি চক্র জড়িত থাকার তথ্যের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাতে উত্তরা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। প্রথমে আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ওয়াসিম’র দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার কাছ থেকে আরও ২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এরপর আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর ভবনের আরেকটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৫ হাজার ৬০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রির কথা জানিয়েছেন বলে পুলিশের দাবি।
এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমদাদুল হক এএসআই শফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুলের কর্মস্থলে নিয়মিত দায়িত্ব পালনের ক্ষেত্রেও অনিয়ম ছিল ও অনুপস্থিত ছিল ।
Leave a Reply