স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (ছবি সংগৃহীত)
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)’র নাম প্রস্তাব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রস্তাবটি সমর্থন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আব্দুল্লাহ মো. তাহের প্রস্তাবটির প্রতি সমর্থন জানালে একই অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ।
প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারী অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
উক্ত নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের আসনে আসীন হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি এবং সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা থাকায়। বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেন।
Leave a Reply